স্বামীর জন্য ভালো একটি চাকরি এবং মানসিক প্রশান্তি কামনা করে সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্সে চিঠি দিয়েছেন এক নারী। নাম-পরিচয় উল্লেখ না করা ওই চিঠিতে স্বামীর কর্মসংস্থান ও মানসিক শান্তির জন্য প্রার্থনা জানিয়েছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) সকালে মাজারের দানবাক্স ও ডেকচিতে জমা হওয়া অর্থ গণনার সময় চিঠিটি পাওয়া যায়। টাকা ও বৈদেশিক মুদ্রার পাশাপাশি ভক্তদের লেখা বিভিন্ন চিঠিও পাওয়া গেছে। এসব চিঠিতে ব্যক্তিগত চাওয়া-পাওয়া, দুঃখ-কষ্ট ও প্রার্থনার কথা তুলে ধরেছেন অনেকে।
চিঠিতে স্বামীর জন্য প্রার্থনা
ওই নারীর চিঠিতে লেখা ছিল, ‘হে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি, আপনার উছিলায় আমার আহাল (স্বামী)-উনাকে একটা ভালো চাকরি দিন এবং উনার মানসিক শান্তি দান করুন।’
চিঠিতে নিজের নাম, ঠিকানা কিংবা স্বামীর পরিচয় উল্লেখ করেননি তিনি। স্বামীর বর্তমান কর্মসংস্থান বা পেশা সম্পর্কেও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
চিঠিটি মাজারে আসা ভক্তদের ব্যক্তিগত প্রার্থনা ও প্রত্যাশার একটি উদাহরণ হিসেবে সামনে এসেছে।
দানের অর্থ ব্যবহারে নতুন সিদ্ধান্ত
এর আগে গত ২৩ সেপ্টেম্বর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে গঠিত কমিটির সভায় দানের অর্থ ব্যয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের নেতৃত্বে গঠিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, দানের অর্থের ৩৫ শতাংশ মাজারের উন্নয়নকাজে ব্যয় করা হবে। অবশিষ্ট ৬৫ শতাংশ ব্যবহার করা হবে দৈনন্দিন ব্যয় এবং কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে।