শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের অবকাশে পর্যটকদের পদচারণায় মুখর সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থান। লাক্কাতুরা, মালনীছড়া, আহমদ টি ও তারাপুর চা বাগান ঘিরে বেড়েছে দর্শনার্থীদের ভিড়। তবে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আসা পর্যটকদের একাংশকে অতিরিক্ত সিএনজি অটোরিকশা ভাড়া ও হোটেলে কক্ষ না পাওয়ার কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, নগরের চা বাগানগুলোতে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে ঘুরতে আসা মানুষের ভিড়। সব বয়সী দর্শনার্থী চা বাগানের সবুজ পরিবেশে ছবি তুলছেন এবং সময় কাটাচ্ছেন।
বিশেষ করে লাক্কাতুরা চা বাগানসংলগ্ন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এলাকা পর্যটকদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা পর্যটকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও ছুটির আনন্দ উপভোগ করছেন।
প্রকৃতি ও আতিথেয়তায় মুগ্ধ পর্যটকেরা
কুষ্টিয়া থেকে আসা পিপি রানী নাথ বলেন, পূজার সময় আসতে না পারলেও পূজা শেষ করে সিলেট ঘুরতে এসেছেন তিনি। এখানকার পাহাড় ও চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য তাঁর কাছে দারুণ লেগেছে। সিলেটের খাবার এবং স্থানীয় মানুষের আন্তরিক ব্যবহারেও তাঁরা মুগ্ধ।
নরসিংদী থেকে বন্ধুদের নিয়ে সিলেটে বেড়াতে এসেছেন সাইদুল। তিনি জানান, পরিবারের সদস্যদের নিয়ে প্রায়ই হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে আসেন। সিলেটের প্রাকৃতিক পরিবেশ ও মানুষের আতিথেয়তা তাঁকে বারবার টানে। সুযোগ পেলেই আবারও এখানে আসতে চান তিনি।
সিএনজি ভাড়া নিয়ে অভিযোগ
পর্যটকদের বাড়তি উপস্থিতিতে রেস্তোরাঁসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে বেচাকেনা বেড়েছে। তবে যাতায়াতের ক্ষেত্রে সিএনজি অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলেছেন পর্যটকেরা। তাঁদের অভিযোগ, কিছু চালক স্বাভাবিক ভাড়ার তুলনায় দ্বিগুণ থেকে তিন গুণ পর্যন্ত ভাড়া চাইছেন।
যদিও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন সিএনজি অটোরিকশা মালিক সমিতির সভাপতি জাকারিয়া। তিনি বলেন, নগরের সিএনজি ভাড়া স্বাভাবিক রয়েছে। তবে অন্য জেলা বা উপজেলা থেকে আসা চালকেরা বেশি ভাড়া নিলে সে বিষয়ে তাঁদের কিছু করার নেই।
হোটেলে কক্ষসংকট, সড়কে বাসের চাপ
ছুটিতে পর্যটকের সংখ্যা বেড়ে যাওয়ায় আবাসন সংকটও দেখা দিয়েছে। আগে থেকে হোটেলের কক্ষ বুক না করে আসা অনেক পরিবারকে থাকার জায়গা খুঁজতে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এদিকে পর্যটকবাহী বাসের চাপ বেড়েছে নগরের বিভিন্ন সড়কে। সরকারি আলিয়া মাদ্রাসা-সংলগ্ন সড়কে বাসের দীর্ঘ সারি দেখা গেছে।
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি জোরদার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সংস্থাটির অতিরিক্ত উপকমিশনার মো. আফজাল হোসেন বলেন, পর্যটকদের নিরাপত্তায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। পরিবহনসংক্রান্ত নৈরাজ্য বা হয়রানির শিকার হলে স্থানীয় থানায় অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ অভিযোগ জানাতে পর্যটকদের অনুরোধ করা হয়েছে। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।