রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক

সেলফ-ড্রাইভিং মোডে টেসলার ধাক্কায় বৃদ্ধ নিহত, দ্বিতীয় গাড়ির চাপা দেওয়ার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক • ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫৯ রাত • পঠিত: ১২ বার
সেলফ-ড্রাইভিং মোডে টেসলার ধাক্কায় বৃদ্ধ নিহত, দ্বিতীয় গাড়ির চাপা দেওয়ার অভিযোগ
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ‘ফুল সেলফ-ড্রাইভিং’ মোডে চলা একটি টেসলা গাড়ির ধাক্কায় ৭১ বছর বয়সী এক পথচারী নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় গাড়িটি ঘণ্টায় প্রায় ১১২ কিলোমিটার গতিতে চলছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গাড়িচালকের দাবি, দুর্ঘটনার সময় টেসলার স্বয়ংক্রিয় ড্রাইভিং সহায়তা ব্যবস্থা চালু ছিল।

স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে ভালেহো এলাকার ইন্টারস্টেট ৮০ মহাসড়কের একটি ইন্টারচেঞ্জের কাছে এ দুর্ঘটনা ঘটে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার পর ওই বৃদ্ধকে অন্য একটি গাড়িও চাপা দিয়ে চলে যায়।

মহাসড়ক পার হওয়ার সময় ধাক্কা

ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোলের তথ্য অনুযায়ী, ২৬ বছর বয়সী সান ফ্রান্সিসকোর এক বাসিন্দা টেসলা গাড়িটি চালাচ্ছিলেন। ওই সময় বৃদ্ধ পথচারী মহাসড়কের ডান পাশ থেকে মাঝের বিভাজকের দিকে হেঁটে যাচ্ছিলেন। একপর্যায়ে তিনি গাড়িটির সামনে চলে এলে সংঘর্ষ ঘটে।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষের পর বৃদ্ধটি সড়কে পড়ে থাকলে আরেকটি গাড়ি তাঁকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয় সময় রাত আনুমানিক ২টা ৩৪ মিনিটে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনার পর টেসলার চালক সেখানে অবস্থান করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মধ্যরাতে ওই ব্যক্তি কেন ব্যস্ত মহাসড়ক পার হচ্ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

চালককে নিয়ন্ত্রণ নেওয়ার নির্দেশনা

ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোলের এক বিবৃতিতে বলা হয়েছে, ভিডিওতে দেখা গেছে, পথচারীকে বাঁচাতে টেসলা গাড়িটি বাম দিকে ঘোরানোর চেষ্টা করে এবং ব্রেক প্রয়োগ করে। তবে চেষ্টা সত্ত্বেও গাড়িটির সামনের ডান পাশ পথচারীকে আঘাত করে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আইন অনুযায়ী, গাড়িতে স্বয়ংক্রিয় ড্রাইভিং সহায়তা ব্যবস্থা ব্যবহার করা হলেও নিরাপদে গাড়ি চালানোর দায়িত্ব চালকের ওপরই থাকে। অর্থাৎ, এ ধরনের প্রযুক্তি চালককে সম্পূর্ণভাবে গাড়ি চালানোর দায়িত্ব থেকে অব্যাহতি দেয় না।

টেসলার প্রযুক্তি নিয়ে নিরাপত্তার প্রশ্ন

টেসলার ‘ফুল সেলফ-ড্রাইভিং’ ও ‘অটোপাইলট’ প্রযুক্তি চালককে বিভিন্ন পরিস্থিতিতে গাড়ি চালাতে সহায়তা করে। তবে এগুলো ব্যবহারের সময় চালককে সতর্ক থাকতে এবং প্রয়োজন হলে তাৎক্ষণিকভাবে গাড়ির নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত থাকতে হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে টেসলা গাড়ি ঘিরে একাধিক দুর্ঘটনার ঘটনা সামনে এসেছে। গত জুনে টেক্সাসের কেটি এলাকায় একটি টেসলা মডেল ৩ গাড়ি বাড়ির দেয়াল ভেঙে ভেতরে ঢুকে ৭৬ বছর বয়সী মার্থা আভিলাকে আঘাত করে। পরে হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

ওই ঘটনায় গাড়িটি চালাচ্ছিলেন মাইকেল বাটলার। হিউস্টন থেকে প্রায় ৩০ মাইল পশ্চিমে স্থানীয় সময় রাত আটটার দিকে দুর্ঘটনাটি ঘটে বলে প্রতিবেদনে বলা হয়েছে। গাড়িটি বাড়ির ইটের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়েছিল। দুর্ঘটনার সময় আভিলা ঘরের সামনের কক্ষে ছিলেন। তদন্তের সময় চালকের মধ্যে মাদক বা অ্যালকোহল গ্রহণের লক্ষণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

টেসলার চালক-সহায়তা প্রযুক্তি নিয়ে চলমান বিতর্কের মধ্যে ক্যালিফোর্নিয়ার এই প্রাণঘাতী দুর্ঘটনা আবারও সড়ক নিরাপত্তা ও স্বয়ংক্রিয় ড্রাইভিং ব্যবস্থার সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছে। তবে দুর্ঘটনার চূড়ান্ত কারণ নির্ধারণে তদন্তের ফল গুরুত্বপূর্ণ হবে।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp